


ন্যাশনাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের পাঠানো চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ ৯৪ হাজার ১৮৫ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এছাড়া, চার লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে দুই লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইসিপিভি (দেশের ভেতরে পোস্টাল ভোট) ব্যবস্থার আওতায় এখন পর্যন্ত ছয় লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত দেশের অভ্যন্তরে তিন লাখ ৮১ হাজার সাতজন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে তিন লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট প্রদান করেছেন এবং দুই লাখ ৭৬ হাজার ২৭২ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।