


ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা-তে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অভিযুক্ত বাবাকে হেফাজতে নেওয়া হয়।
নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ খাঁন (২৫)। তিনি স্থানীয় আব্দুল বারেক খানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তিনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়তেন এবং প্রায়ই পরিবারের ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতেন। অভিযোগ রয়েছে, টাকার জন্য বাড়িতে ভাঙচুরসহ মা-বাবার সঙ্গে অসদাচরণ করতেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে একটি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন শুভ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে শুভ স্থানীয় আমুয়া বাজার থেকে একটি দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ভোর রাতে ছেলে ঘুমিয়ে পড়লে ক্ষুব্ধ বাবা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। সকালে খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত বাবাকে আটক করা হয়।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতনের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।