
বরিশাল প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে সরকারি কর্মসূচির বাইরে উল্লেখযোগ্য কোনো আয়োজন লক্ষ্য করা যায়নি। কয়েক বছর আগেও দিবসটি ঘিরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে নানা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কয়েকদিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হলেও এ বছর তার ব্যতিক্রম দেখা গেছে।
জানা গেছে, অতীতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আওতাভুক্ত ৩৭টি সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হতো। তবে এ বছর শহীদ মিনার প্রাঙ্গণে কোনো সাংস্কৃতিক সংগঠনের আয়োজন চোখে পড়েনি।
তবে সরকারি উদ্যোগে দিবসটি পালনের অংশ হিসেবে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, নগরীর বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তথ্যমতে, জুলাই অভ্যুত্থানের আগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত সংগঠনগুলো যৌথভাবে কর্মসূচি পালন করত। পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পর কয়েকটি সংগঠন নতুন জোট গঠন করে কয়েকদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করলেও চলতি বছর তাদের পক্ষ থেকেও কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি।
এদিকে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদও এবার কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো আয়োজন করতে না পারায়, এ বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মূলত পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।