
বরিশাল প্রতিনিধি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামী মাস থেকেই এ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এই কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী জানান, দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যরা এই ফ্যামিলি কার্ডের মালিক হবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “বাংলার মানুষ অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কখনো আপস করেনি। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে সাম্প্রতিক গণআন্দোলন—সবই তার প্রমাণ। মহান ভাষা দিবসের চেতনা ছিল ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।”
তিনি আরও বলেন, “দেশে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হবে নির্বাচন। ভিন্ন কোনো পন্থায় ক্ষমতা দখলের সুযোগ আর থাকবে না।”
গণমাধ্যম প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমকে সঠিক ও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কোনো গোষ্ঠী যেন গণমাধ্যমকে কুক্ষিগত করতে না পারে, সে দায়িত্ব আমি অভিভাবক হিসেবে পালন করব। গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ বরদাশত করা হবে না।”
তিনি বলেন, “দেশে মব সংস্কৃতিকে আর প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং কাউকে প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।”
অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আন্দোলন কোনো পেশা নয়। আমরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যেন এমন কোনো কাজ না করি যার ফলে জনগণ আমাদের বিরুদ্ধেই আন্দোলনে নামতে বাধ্য হয়।”
বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ ছাড়া বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন এবং ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।