
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে তারাবি নামাজ আদায় করতে যাওয়ার পথে মোস্তফা কামাল (৪৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত মোস্তফা কামাল উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার গভীর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামালের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তার স্বামীর সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলছিল।
তিনি বলেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারাবি নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পাশের বাজারের মসজিদে যাওয়ার পথে মাঠে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা মোস্তফা কামালের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. নবীউল হাসান আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আঁখি বেগম ১৪ জনের নাম উল্লেখসহ সাতজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, মো. জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।