বরিশালের তিন সংসদীয় আসনে মনোনয়ন বাছাই: দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, দুইজনের স্থগিত
বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এ ধাপে বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মনোনয়ন যাচাই করা হয়।
বাছাই শেষে বরিশাল-৫ (সদর) আসন থেকে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বরিশাল সদর আসনে একজন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাযরুল আলম সুমনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যাদের মনোনয়ন বাতিল
রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল সদর আসনে খেলাফত মজলিশের প্রার্থী একে এম মাহবুব আলমের মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না থাকা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।
একই আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়নপত্রে দাখিল করা ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থনকারীর তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।
যাদের মনোনয়ন স্থগিত
আয়কর রিটার্ন সার্টিফিকেট না থাকা, ১০-বি ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসঙ্গতির কারণে বরিশাল সদর আসনের বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্রও স্থগিত রাখা হয়েছে।
বৈধ মনোনয়ন
রিটার্নিং কর্মকর্তা জানান, বাছাই করা ২১ জন প্রার্থীর মধ্যে বাকি ১৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
আগামী শনিবার (৩ জানুয়ারি) বরিশাল সংসদীয় ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে বলেও জানান তিনি।











