মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান (৩৯) বরিশাল নগরীর পৈতৃক বাসভবনে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নগরীর সদর রোডে সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে এ ঘটনা ঘটে। আহত নাদিমা মোহাম্মদী খান চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে রোববার (১৯ জুলাই) ভোরে তিনি তাঁর চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই দাবি প্রত্যাখ্যান করায় শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে আহত করে।
নাদিমা মোহাম্মদী খান জানান, তিনি ও তাঁর চাচাতো বোন ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে এলে সেখানে কয়েকজন যুবককে মাদক সেবন ও বিক্রির পাশাপাশি বাড়ির ভেতরে আবর্জনা ফেলতে দেখেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে উদ্ধার হন।
তিনি আরও অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ভবিষ্যতে যাতে তিনি ওই বাড়িতে না আসেন, সে উদ্দেশ্যেই তাঁর চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫)-কে গ্রেপ্তার করেছে।
অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হান্নান বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad