
বরিশাল নগরীর রূপাতলী এলাকার আবাসিক ভবনের পাশে অনুমোদন ছাড়াই স্থাপন করা হয়েছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ডিপো। অমেরা পেট্রোলিয়াম লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান জমি ভাড়া নিয়ে সেখানে গ্যাসভর্তি সিলিন্ডার মজুত করছে।
ডিপোটি র্যাব-৮ সদর দপ্তর ও বরিশাল বেতার ভবনের অদূরেই অবস্থিত। ফলে জননিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ বেড়েছে। প্রশাসন বিষয়টি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সাত দিনের মধ্যে ডিপো সরানোর নির্দেশ দিলেও ২৫ দিন পেরিয়ে গেলেও ডিপো অপসারণ হয়নি।
জেলা প্রশাসকের নির্দেশে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গত ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, “২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় ‘মায়ের দোয়া’ নামের ছয়তলা ভবনের পাশে অনুমোদনহীনভাবে এলপিজি ডিপো স্থাপন করে অমেরা পেট্রোলিয়াম ব্যবসা করছে। এটি এলপিজি বিধিমালা পরিপন্থি ও জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
প্রতিবেদন পাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার অমেরা পেট্রোলিয়ামকে সাত দিনের মধ্যে ডিপো সরিয়ে নিতে নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেন তিনি।
অমেরা পেট্রোলিয়ামের পরিবেশক মোহাম্মদ সোহেল বলেন, “জমির মালিককে আমরা ২২ লাখ টাকা অগ্রিম দিয়েছি। জনগণের ক্ষতি করতে চাই না, ঝুঁকি বুঝে ডিপো সরিয়ে নেব।”
অমেরা পেট্রোলিয়ামের শাখা ব্যবস্থাপক মো. মাসুম বিল্লাহ জানান, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, “গ্যাসের ডিপো সরানোর সময়সীমা শেষ হলেও তারা অপসারণ করেনি। দ্রুতই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”