ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপের বাসাবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দালান-কোঠা কেঁপে ওঠে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কেঁপে ওঠে এবং কোথাও কোথাও পুকুরের পানি টলমল করতে দেখা যায়। হঠাৎ এমন ঘটনায় দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, ফজরের নামাজ চলাকালে মসজিদে অবস্থানরত মুসল্লিরা হঠাৎ পুরো মসজিদ কেঁপে উঠতে দেখেন। এতে অনেক মুসল্লির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব জানান, ভোরের দিকে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। এ সময় বাসাবাড়ির আসবাবপত্র কেঁপে ওঠে।
উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়রা আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, ভূমিকম্পের সময় তারা ঘরের ভেতরেই কম্পন অনুভব করেন। পাশাপাশি পুকুরের পানিতে ঢেউ সৃষ্টি হতে দেখা যায়।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে পুরো মসজিদ কেঁপে ওঠে, যা মুসল্লিদের মধ্যে ভীতি তৈরি করে।
স্থানীয়ভাবে জানা গেছে, ভারতের মণিপুর ও আসামসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মণিপুরে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com