বরিশাল সদর প্রতিনিধি : বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় রাতের আঁধারে অব্যাহতভাবে চলছে জলাশয় ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী কুচক্র মহল সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন রাত নামলেই ভারী ট্রাক ও এক্সকাভেটরের মাধ্যমে জলাশয়ে মাটি ফেলা হয়। ভোর হওয়ার আগেই কাজ শেষ করে দিনের আলোয় সবকিছু আড়াল করার চেষ্টা করা হয়। এতে একদিকে যেমন প্রাকৃতিক জলাধার ধ্বংস হচ্ছে, অন্যদিকে পুরো এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, বর্ষা মৌসুমে এই জলাশয়গুলোই এলাকার অতিরিক্ত পানি ধারণ করত। কিন্তু সেগুলো ভরাট হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে আশপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সমস্যা বাড়তে শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, বাঘিয়া এলাকায় আব্দুল রহিম হাওলাদার নামে এক ব্যক্তি এই ভরাট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে জানতে আব্দুল রহিম হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কাশিপুর এলাকার সজল কাজী নামে এক ব্যক্তি অবৈধভাবে পুকুরটি ভরাট করছেন।
এদিকে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালী মহলের দাপটে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন বলে জানান অনেকে।
পরিবেশবিদরা বলছেন, নগরীর জলাশয় ভরাট হলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হয়। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অবিলম্বে এসব অবৈধ ভরাট কার্যক্রম বন্ধ না করলে ভবিষ্যতে বরিশাল নগরী ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এখনো কোনো স্পষ্ট মন্তব্য করেননি।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত অবৈধ জলাশয় ভরাট বন্ধ করে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে নগরীর প্রাকৃতিক জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com