
বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ছয়জন জুয়ারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে জুয়া খেলা চলছে এমন তথ্য পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।
পরবর্তীতে আটককৃতদের বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।