
গৌরনদী প্রতিনিধি — গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকায় রাতের আঁধারে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী রানু বেগম অভিযোগ করে জানান, তার স্বামী প্রবাসে থাকেন এবং তিনি কন্যা সন্তান নিয়ে বাড়িতে একাই বসবাস করেন। এই সুযোগে পাশের বাড়ির বারেক খন্দকারের ছেলে হাচান খন্দকার দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছিল।
রানু বেগমের দাবি, এর আগেও ওই বখাটে তার বাথরুমের পানির পাত্রে মরিচের গুঁড়া দিয়ে রেখে তাকে হয়রানি করত। সর্বশেষ গত রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাশের একটি দালানের বিদ্যুতের মিটার থেকে প্রায় ৩০ ফুট দূরত্বে তার টেনে তার বাথরুমে বিদ্যুৎ সংযোগ করে রাখে। উদ্দেশ্য ছিল, তিনি রাতে বাথরুমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবেন।
ভুক্তভোগীর জা মাহামুদা বেগম জানান, সেহরির জন্য ঘুম থেকে উঠে ঘরের সামনে থাকা লাইট বন্ধ দেখতে পান। পরে বাইরে বের হলে তাকে দেখে হাচান খন্দকার দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি খতিয়ে দেখে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দেওয়া অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রানু বেগম। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।