
বরিশালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার, অপপ্রচার এবং চাঁদাবাজির হুমকির অভিযোগে বাবা ও ছেলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। নগরীর বাসিন্দা মোঃ মোস্তাফিজুর মুকুল (৪৪) গত মঙ্গলবার (২০ আগস্ট) আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন নগরীর ভাটিখানা এলাকার শরীফবাড়ির বাসিন্দা মনির শরীফ (৫৫) এবং তার ছেলে মেহেদী শরীফ (২৮)।
বাদী মোস্তাফিজুর মুকুল তার নালিশি দরখাস্তে অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুক ব্যবহার করে আসছে। গত ১৬ আগস্ট “বরিশাল পোস্ট” নামের একটি ফেসবুক পেইজে তাকে ও তার আত্মীয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়। ওই পোস্টে আসামি মনির শরীফ অশ্লীল ভাষায় মন্তব্য করেন এবং তার ছেলে মেহেদী শরীফ আত্মীয় সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাদীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি মেসেঞ্জারের মাধ্যমে আসামিরা বাদীর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেয়—অন্যথায় আরও কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করার হুমকিও দেয়া হয়।
এবিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার তদন্তকারী কর্মকর্তা সঞ্জিত চন্দ্র রায় বলেন, “মামলায় উত্থাপিত বিষয়গুলো যাচাইয়ের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”