
বরিশাল নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল বের করলে স্থানীয়দের ধাওয়ায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফিশারি রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম।
আটকরা হলেন—বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শাহিন শেখ (৪০), একই উপজেলার চাখার ইউনিয়নের সজীব হাওলাদার (৩৭), নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার শাহাদাত হোসেন অপু তালুকদার এবং দক্ষিণ চহঠার মো. জাকির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ফিশারি রোডে ফেরি কার্যালয়ের সামনে ১৫-২০ জন আওয়ামী লীগ কর্মী স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলটি বাস টার্মিনালের দিকে অগ্রসর হলে ছাত্র-জনতা তাদের ধাওয়া দেয়। এসময় চারজনকে ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মিছিলের মধ্য থেকে স্থানীয়রা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরাই মশাল মিছিলের চেষ্টা করেন। স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে চারজন ধরা পড়ে এবং পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।