
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরিশাল মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে তিনি এয়ারপোর্ট, কোতোয়ালি মডেল ও কাউনিয়া থানাধীন পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কমিশনার পূজার আয়োজক ও উপস্থিত ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান আয়োজক কমিটিকে।
কমিশনার বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন (পিপিএম) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।