
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৬ জানুয়ারি বরিশাল সফরে আসছেন। ওইদিন দুপুরে নগরের বান্দ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। তিনি জানান, গত বুধবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি বেলা ২টায় বেলস পার্কে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভাকে ঘিরে বরিশাল বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে।
এ উপলক্ষে আগামী রোববার বরিশাল নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছে বরিশাল বিভাগীয় বিএনপি। সভায় বিভাগীয় ও মহানগর বিএনপির পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে আসছেন, যা বরিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।