
বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর আটটি গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে অবস্থিত অশ্বিনী কুমার হল-এর সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রিকশাচালকরা অভিযোগ করেন, নগরীতে দিন দিন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও তা কার্যকরভাবে মানা হচ্ছে না।
বিক্ষোভে রিকশাচালকরা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে তাদের আয়ে বড় ধরনের প্রভাব পড়েছে। রমজান মাসে অনেক চালক দৈনিক ২০০ টাকাও আয় করতে পারছেন না।
তারা নগরীর সদর রোড, জিলা স্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান। দাবি পূরণ না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মো. চান মিয়া, দুলাল, আলমগীর হোসেন ও শাজাহান মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক নেতা।
এদিকে রিকশাচালকদের এই বিক্ষোভে সাধারণ মানুষ ও ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার শিকার হওয়া কয়েকজন ব্যক্তিও সংহতি প্রকাশ করে।