বরিশালের যুবলীগ কর্মী ও জুয়ার বোর্ড নিয়ন্ত্রণকারী রফিকুল ইসলাম রফিককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সহিংসতা সৃষ্টির আশঙ্কা ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলাম রফিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।"
এর আগে গত ২১ ডিসেম্বর বরিশাল সংবাদ অনলাইন নিউজ পোর্টাল সহ বরিশালের বিভিন্ন গনমাধ্যেমে - "রাত নামলেই যুবলীগনেতার রমরমা জুয়ার আসর!" এই শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় রাত নামলেই রমরমা জুয়ার আসর বসে এবং এতে লক্ষ লক্ষ টাকার লেনদেন ঘটে।
অনুসন্ধানে জানাযায়, রফিকুল ইসলাম রফিক ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় একটি ফ্ল্যাটে নিয়মিত জুয়ার আসর বসাতেন। ওয়ান-টেন, তিন তাস, কাটা-কাটিসহ বিভিন্ন ধরনের জুয়া এখানে অনুষ্ঠিত হতো। অভিযোগ রয়েছে, বড় জুয়াড়িদের জন্য নারীর ব্যবস্থা ও মাদক সরবরাহের মাধ্যমে তাদের আকৃষ্ট করা হতো। খেলোয়াড়রা নিঃস্ব হলেও আয়োজকরা বিপুল অর্থ উপার্জন করতেন।
এছাড়া রফিক বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার বাসিন্দা এবং লাইসেন্সবিহীন একটি ক্ষুদ্র সমবায় সমিতির প্রোপাইটর। অতীতে তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রাইজ আহমেদ মান্নার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
এদিকে রফিকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর নগরীর রুপাতলীর তুরাগ পেট্রোল পাম্প এলাকার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করেছিল। এছাড়া ২০২৪ সালের ২২ অক্টোবর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য হিসেবে তাকে গ্রেফতার করেছিল।
অন্যদিকে রফিকের এই গ্রেফতারের পর বিভিন্ন মহল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলামকে সহ বিএমপি’র সকল সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com