পটুয়াখালীতে ঘন কুয়াশার কারণে সড়কে প্রাণ গেল যুবকের
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
২৩২
Time View
পটুয়াখালীর দশমিনায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পলাশ (৪৫)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের নিজাম ফকিরের ছেলে। আহতরা হলেন- ইব্রাহিম, রাসেল ও শাহআলম প্যাদা। তারা সবাই গছানী গ্রামের বাসিন্দা।
আহত ইব্রাহিম জানান, শুক্রবার খুব ভোরে দশমিনা থেকে টমটমযোগে গাছের গুঁড়ি নামানোর উদ্দেশ্যে আরজবেগীর দিকে রওনা হন তারা। পথিমধ্যে কোটের কোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে হঠাৎ ব্রেক করলে টমটমটি উল্টে যায়। এতে টমটমে থাকা চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দশমিনা থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যুর মামলা করা হবে।