
বরিশাল কাউনিয়া থানা পুলিশ পুরাতন একটি আলমারির ভেতর থেকে আগ্নেয়াস্ত্রের সাতটি গুলি উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে মোঃ জাকির হোসেন নামে এক ব্যক্তি তার একটি পুরাতন স্টিলের আলমারি মেরামতের জন্য কাউনিয়া থানাধীন বিসিক এলাকার আকবর নামের এক মিস্ত্রির দোকানে দেন। আলমারিটি মেরামতের সময় আকবর আলমারির ভেতরে আগ্নেয়াস্ত্রের সাতটি গুলির সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে জাহাঙ্গীর আলমারির মালিক মোঃ জাকির হোসেনকে দোকানে ডেকে গুলির বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে গুলিগুলো রাস্তার পাশে ফেলে রেখে সটকে পড়েন। পরে জাহাঙ্গীর ফেলে রাখা গুলিগুলো উদ্ধার করে কাউনিয়া থানায় জমা দেন।
এ ঘটনার পর ৭ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সন্দেহভাজন জাকির হোসেন স্থানীয় সাবেক সিটি কাউন্সিলর মামুনের অফিসে জাহাঙ্গীরকে ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে ১২ জানুয়ারি জাহাঙ্গীর কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে একই দিন অভিযান চালিয়ে কোতয়ালি মডেল থানা এলাকা থেকে অভিযুক্ত মোঃ জাকির হোসেন মিঞা (৫৭) কে গ্রেফতার করে। তিনি বরিশাল মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তের কাজে মাঠে নেমেছে পুলিশ এবং আটক অভিযুক্তসহ পলাতকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।