
বরিশাল সদর প্রতিনিধি : দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরের বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে।
আকন কুদ্দুসুর রহমান জানান, বুধবার (১৫ জানুয়ারি) রাতে তিনি এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে দলীয় মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে তারেক রহমান নিজেই বরিশাল সফরের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
তিনি আরও বলেন,“দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমরা প্রস্তুতি শুরু করেছি। এ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে একটি প্রস্তুতি সভা ডাকা হয়েছে।”
প্রস্তুতি সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা, মহানগর ও উপজেলা বিএনপির ‘সুপার ফাইভ’ নেতারা অংশ নেবেন। সেখানে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশাল সফর করেছিলেন। ওইদিন তিনি বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে একটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এরপর সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন। সে সময় তিনি বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আনোয়ারুল হক তারিন বলেন,“দীর্ঘদিন পর তারেক রহমানের এই সফর বরিশালের রাজনীতিতে নতুন প্রত্যাশার বার্তা বহন করছে।”এদিকে তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর জেলা ও মহানগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণ করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন তারা।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, আগামী ২৬ জানুয়ারির নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয় থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।