
বরিশালের গৌরনদী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।
অভিযানকালে মাদক স্পট হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় স্থানীয়দের সচেতন করা হয় এবং মাদকের ভয়াবহতা তুলে ধরা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং করায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন জানায়, বৈধ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে মুচলেকা নিয়ে গাড়িটি ফেরত দেওয়া হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে গৌরনদী থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।