
বরিশাল নগরীর কাউনিয়া কালাখা বাড়ি এলাকা থেকে জয় সাহা (৩০) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতে নগরীর কাউনিয়া কালাখা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
জানা গেছে, জয় সাহা বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নগরীর বেলতলা এলাকার বাসিন্দা যুগল কৃষ্ণ সাহার ছেলে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মাদক মামলায় জয় সাহাকে গ্রেফতার করে থানায় আনা হয়। নাম-ঠিকানা লিখে গারদখানায় নেওয়ার সময় এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যান তিনি।
থানা সূত্রে জানা যায়, জয় সাহা রাইডার রাব্বি গ্রুপের সক্রিয় সদস্য। তিনি গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা মামলার ৬ নাম্বার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।