নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ২(খ)(আ) অনুযায়ী কর্তব্যে অবহেলার বিষয়টি তদন্তের স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন-এর ধারা ৪৪(৬) অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় University of Dhaka-এর বিপক্ষে মাঠে উপস্থিত থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয় অংশ নিতে পারেনি। খেলোয়াড়দের অভিযোগ, শারীরিক শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণেই দলটি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad