নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে কামরুজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে সুরজ হোসেন (২৫) নামের এক যুবক ধারালো ছুরি দিয়ে কামরুজ্জামানকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে মিরাজ, আনোয়ার ও খাদিজা নামে তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad