নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র্যালি এবং বেলুন-ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মামুন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে গতিশীল করতে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বেকারত্ব দূরীকরণ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad