নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এক থেকে দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিনা বেগম উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে নতুন হাট এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন তাহমিনা বেগম। বাড়ির মালিক আবদুর বারেক জানান, বৃদ্ধা প্রায়ই অসুস্থ থাকতেন। মাঝেমধ্যে বাইরে বের হয়ে বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন। তবে গত দুই দিন তাঁকে বাইরে দেখা যায়নি।
আবদুর বারেক বলেন, রোববার সকালে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তিনি তাহমিনা বেগমের ভাইকে খবর দেন। পরে তাঁর ভাই এসে কক্ষের ভেতরে মরদেহ দেখতে পান।
প্রতিবেশী শাহানা বেগম জানান, তাহমিনা বেগমের বিভিন্ন শারীরিক সমস্যা ছিল বলে স্থানীয়রা জানতেন। তিনি আগে কয়েকবার স্ট্রোক করেছিলেন বলেও শুনেছেন। তাঁর পা প্রায়ই ফুলে থাকত। হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বলে প্রতিবেশীদের ভাষ্য। ঠিকমতো খাওয়া-দাওয়াও করতেন না। দিনের বেশির ভাগ সময় বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন। গত শনিবার বিকেল থেকেই ওই বাসার আশপাশে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানান তিনি।
প্রতিবেশী আবদুর রহিম হাওলাদার জানান, রাতে তাহমিনা বেগমের ছেলে মায়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি তাঁর ছোট মামার সঙ্গে যোগাযোগ করেন। তিনিও বোনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। রোববার সকালে তাহমিনা বেগমের বড় ভাই ওই ভাড়া বাসায় এসে দরজা কিছুটা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তিনি বোনের মরদেহ দেখতে পান।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad