নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ইয়াবা কারবারের অভিযোগে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য বেলাল হোসেন রাতুল ও তাঁর স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুই দফায় মোট ২ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, কক্সবাজারের চকরিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশাল নগরীতে খুচরা বিক্রি করতেন এই দম্পতি। এর আগে চলতি বছরের মার্চ মাসেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন রাতুল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরীর সদর রোড এলাকা থেকে রাতুল ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। পরে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নগরীর নথুল্লাবাদসংলগ্ন ফিশারী রোড এলাকার তাঁদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাতুল ও লামিয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকায় অভিযান চালিয়ে রাতুল ও লামিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় তাঁরা নিজেদের পরিচয় ও বাসার ঠিকানা গোপন রেখেছিলেন বলে দাবি পুলিশের।
পরবর্তী সময়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) যাচাই করে তাঁদের পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওসি মো. মনিরুল ইসলাম জানান, সিডিআরের তথ্যের ভিত্তিতে নগরীর নথুল্লাবাদসংলগ্ন ফিশারী রোড এলাকার একটি বহুতল ভবনে তাঁদের ভাড়া বাসার সন্ধান পাওয়া যায়। শুক্রবার সকালে এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় আরও ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতুল আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মাদক-সংশ্লিষ্টতার কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এর আগে চলতি বছরের মার্চ মাসেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পুলিশ আরও জানায়, গত ২ অক্টোবর রাতুল কক্সবাজারের চকরিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি জানান, সদর রোডে ২৩০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি কোতোয়ালি মডেল থানা এলাকার এবং ফিশারী রোডের বাসা থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি এয়ারপোর্ট থানা এলাকার হওয়ায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাতুল ও লামিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, বরিশালে ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত যাচাই করা হবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad