নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন সিকদারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় আনোয়ার হোসেন সিকদারের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ফিরে আসার বন্দোবস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে তারা মনে করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি এনসিপির নেতাকর্মীরাও লক্ষ্যবস্তু হতে পারেন। এ কারণে যেকোনো মূল্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, যারা বিভিন্ন ‘ইঞ্জিনিয়ারিং’ বা চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে তারা মনে করেন, তারাও নতুন স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। ফলে তাদের রাজনৈতিক লড়াই একদিকে অতীতের স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যদিকে নতুন স্বৈরাচারের সম্ভাব্য উত্থানের বিরুদ্ধেও বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এনসিপি মাঠে না থাকলে দেশের মানুষ কার দিকে তাকাবে—এমন প্রশ্নের মুখোমুখি তারা হচ্ছেন। মানুষের মধ্যে এনসিপিকে নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবিধান সংস্কার ও সংসদ কার্যকর রাখার বিষয়েও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, জনমত ও গণরায়ের প্রতি যথাযথ গুরুত্ব না দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে কেবল একটি সংশোধন কমিটি করা হয়েছে।
বর্তমান সরকার গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটের স্থায়ী সমাধান করতে পারছে না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ করে বরিশালে সার সংকটের কারণে কৃষকদের যে সমস্যায় পড়তে হচ্ছে, তার স্থায়ী সমাধান প্রয়োজন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, সীমান্ত হত্যা বন্ধ এবং নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম ছাড়াও বক্তব্য দেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
এনসিপি বরিশাল মহানগরের আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad