নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
প্রতিষ্ঠার দীর্ঘ পথপরিক্রমায় সংঘাত, আন্দোলন, জনপ্রিয়তা এবং নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি বর্তমানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ৪৮ বছর পূর্ণ করে আজ দলটি ৪৯ বছরে পদার্পণ করেছে।
বিএনপির ইতিহাস অনুযায়ী, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে একটি ছোট পরিসরে দলটির প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসেবে সামনে রেখে বিএনপি দেশব্যাপী সংগঠন বিস্তার করে।
প্রতিষ্ঠার পর আধুনিক উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিকে সামনে রেখে ১৯ দফা কর্মসূচির আলোকে ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়। অল্প সময়ের মধ্যেই দলটি দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে।
দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে নিহত হন। পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে আরও বিস্তৃত হয়।
দলীয় ইতিহাসে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় দায়িত্ব পালন করেছে এবং বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।
বিএনপির নেতাকর্মীদের দাবি, গত দেড় দশক দলটির জন্য অত্যন্ত প্রতিকূল সময় ছিল। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় এবং নেতাকর্মীদের ওপর রাজনৈতিক চাপ ও দমন-পীড়ন চালানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। ভার্চ্যুয়াল মাধ্যমসহ বিভিন্ন উপায়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলকে সংগঠিত করার চেষ্টা করেন তিনি।
বিএনপির নেতারা দাবি করেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে দলটি রাজপথে আন্দোলন চালিয়ে এসেছে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তারেক রহমান আরও বলেন, বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভার্থীরা দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রেখে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এরই ধারাবাহিকতায় বরিশাল বিএনপির পক্ষ থেকেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলীয় নেতারা আশা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে ভূমিকা রাখবে।
৪৮ বছরের পথপরিক্রমা শেষে নতুন প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে ৪৯ বছরে পদার্পণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad