নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিরগিজস্তানে উচ্চশিক্ষারত এক বাংলাদেশি শিক্ষার্থীকে দীর্ঘদিনের সম্পর্কের মাধ্যমে হানিট্র্যাপের ফাঁদে ফেলে প্রায় ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির এক তরুণীর বিরুদ্ধে। একই সঙ্গে ওই তরুণী ও তার পরিবারের পক্ষ থেকে হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানোর অভিযোগও করেছেন ওই শিক্ষার্থী।
অভিযুক্ত তরুণী হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মো. ইসাকুল আলি সিকদারের মেয়ে ইফাত জাহান শিফা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমতিয়াজ আহম্মেদ ময়মনসিংহ সদর এলাকার বাসিন্দা এবং বর্তমানে কিরগিজস্তানে MBBS অধ্যয়ন করছেন। তার দাবি, কিরগিজস্তানে অবস্থানকালে এক বাংলাদেশি তরুণীর সঙ্গে তার প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। সম্পর্কের ধারাবাহিকতায় তারা প্রায় ১৮ মাস একই বাসা বা রুমে বসবাস করেছেন।
ইমতিয়াজের অভিযোগ, প্রায় ২০ দিন আগে ওই তরুণী তার রুম থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান। তার দাবি, দীর্ঘদিনের সম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ নিয়ে চলে যাওয়ার ঘটনাটি পরিকল্পিত হানিট্র্যাপের মতো প্রতারণার ঘটনা হতে পারে।
ঘটনার পর বিষয়টি সমাধানের আশায় তিনি ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং তার বাবাকে একাধিকবার ফোন করেন। তবে বর্তমানে পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না বলে দাবি করেন ইমতিয়াজ।
ইমতিয়াজের আরও অভিযোগ, ঘটনার আগে ওই তরুণীর বাবা তার সঙ্গে নিয়মিত ও স্বাভাবিকভাবে যোগাযোগ করতেন। বর্তমানে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে।
এদিকে ইমতিয়াজের দাবি, ওই তরুণী বাংলাদেশে থাকাকালীন অন্য এক ব্যক্তির সঙ্গেও একই ধরনের প্রতারণামূলক আচরণ করেছিলেন বলে তিনি জানতে পেরেছেন। পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি গোপন রেখে বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমতিয়াজ। তার অভিযোগ, ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও শারীরিকভাবে ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে।
ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ তার কাছে রয়েছে। এর মধ্যে যোগাযোগের তথ্য, কথোপকথনের রেকর্ড, স্ক্রিনশট ও অন্যান্য নথি রয়েছে বলে দাবি করেন তিনি। প্রয়োজন হলে এসব প্রমাণ সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইমতিয়াজের ভাষ্য, তিনি কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করতে চান না। তার দাবি, দীর্ঘদিনের সম্পর্কের আড়ালে যদি পরিকল্পিতভাবে তাকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ নেওয়া হয়ে থাকে, তাহলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি উদঘাটন করা হোক। একই সঙ্গে তার কাছে থাকা প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানান তিনি।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
https://slotbet.online/