নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মনু ইসলাম ওরফে মনির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনু ইসলাম ওরফে মনির জামালপুর সদর থানার শ্রীচন্দ্রবাড়ি এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে এএসআই মো. খবির হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ ডিবির সদস্যরা অংশ নেন।
অভিযানে মনু ইসলাম ওরফে মনিরকে আটক করে তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু ইসলাম বিভিন্ন স্থান থেকে গোপনে মাদক সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মহানগরী গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad