নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশালের মুলাদী থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীকে (৩৪) দীর্ঘ ১০ বছর পর ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ আগস্ট) র্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার কামাল হোসেন বেপারী বরিশালের মুলাদী উপজেলার চর বাটামারা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ বেপারীর ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি ও র্যাব-১০ কেরানীগঞ্জ সদর কোম্পানির একটি যৌথ দল দক্ষিণ কেরানীগঞ্জের চড়াইল এলাকায় অভিযান চালায়। অভিযানে মুলাদী থানার অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, কামাল হোসেনের বিরুদ্ধে মুলাদী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলা পরবর্তীতে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলাটির নম্বর ১৮ (০৯)১৬।
মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিচারক কামাল হোসেনকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র্যাব-৮ অধিনায়কের কাছে কামাল হোসেনকে গ্রেপ্তারে সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮-এর গোয়েন্দা দল তথ্য সংগ্রহ ও প্রযুক্তিগত সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে।
পরে র্যাব-১০-এর সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জের চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার কামাল হোসেন বেপারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad