আবহাওয়া ডেস্ক: বরিশালসহ দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বরিশালের পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে আগামী কয়েক দিনও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবার তথ্যেও শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার কাশিপুরে ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য পাওয়া গেছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad