মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে জোহরের নামাজ আদায় করতে যাওয়ার পথে ট্রাকচাপায় একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন জামাল খাজা (৬০) নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বরিশাল নগরের ঢাকা-বরিশাল মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জামাল খাজা বরিশালের মুলাদী উপজেলার কাজীরহাট ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা। তিনি সোবাহান মাহমুদের ছেলে। আগে মুদিমাল ও মনোহারি ব্যবসা করলেও বর্তমানে বেকার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, জামাল খাজা তার মেয়ে অহনা আক্তারকে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র হাতেম আলী কলেজে পৌঁছে দেন। এরপর জোহরের নামাজ আদায়ের জন্য মহাসড়কের বিপরীত পাশে অবস্থিত আল-আকসা জামে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তার বাম পায়ের ওপর দিয়ে চাকা চলে যায়। এতে তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।
আহতের মেয়ে অহনা আক্তার বলেন, “বাবা আমাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ রহমান জানান, হাসপাতালে আনার পর জামাল খাজার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যস্ত এই মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad