বরিশাল নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন শাহীন, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পি খান, সদস্য জনি হাওলাদার, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. রাতুল হাওলাদারসহ আরও কয়েকজন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad