বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নগরীর বর্ধিত ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালী সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মাগরিবের নামাজের সময় হঠাৎ করে একদল যুবক মশাল হাতে সড়কে মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের মুখ মাস্ক ও কাপড়ে ঢাকা ছিল। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মশাল হাতে কয়েকজন ব্যক্তি সড়কে মিছিল করছেন। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় ১ মিনিট ১৭ সেকেন্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
তবে এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরীতে নিষিদ্ধ কোনো সংগঠনের মশাল মিছিল হয়েছে—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ভিডিওটির সত্যতা এবং ঘটনার সময়-স্থান যাচাই করছে বলে জানা গেছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad