নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশুর কেউই হামের টিকা নেয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে একজন বরগুনার তালতলী উপজেলার কুকুয়া গ্রামের মো. ইমরানের ৭ মাস বয়সী কন্যা ইয়ামনি এবং অপরজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের ফারুক হাওলাদারের ২ বছর বয়সী ছেলে মাহি।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাহিকে ১৩ মার্চ রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই দিন সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে ইয়ামনিকে ১২ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে ভর্তি করা হলে ১৩ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মোনায়েম সাদ জানান, দুই শিশুকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ নিয়ে চলতি সময়ে এ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর আগে ৮ ও ৯ মার্চ আরও চারজন শিশুর মৃত্যু হয়।
বর্তমানে শেবাচিম হাসপাতালে ১১৭ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে।
এ পর্যন্ত মোট ৪৭৬ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৫ জন শিশু।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের টিকা না নেওয়া শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই অভিভাবকদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad