নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক আরিফ হোসেন লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।
ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। কয়েকদিন আগে একটি মারামারির ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে পানি আনতে নিচে গেলে অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে তৃতীয় তলায় নিয়ে যান। পরে সেখানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad