শরীয়তপুরে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করার প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৪ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ এলাকা থেকে সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ বরিশাল সদর দপ্তর থেকে খুদেবার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, খোকন চন্দ্র দাস ডামুড্যা থানার তিলক গ্রামের পরেশ দাসের ছেলে। তিনি পেশায় পল্লি চিকিৎসক এবং ডামুড্যা থানাধীন কেউরভাঙ্গা এলাকায় একটি ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট) ব্যবসা করতেন।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতের দিকে। খোকন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ছয় লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিলই বেপারীবাড়ী মসজিদের সামনে ওৎ পেতে থাকা আসামীরা ছুরিসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তার পথ আটকিয়ে টাকা ছিনিয়ে নেয়। এছাড়া, তারা খোকনের উপর ছুরি ও আগুনের হামলা চালায়। ভিকটিম পাশের ডোবার পানিতে ঝাঁপিয়ে বাঁচার চেষ্টা করেন। আহত খোকনকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়।
দুর্ভাগ্যবশত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় খোকন চন্দ্র দাস মারা যান। পরে র্যাব-৮ বরিশাল ও র্যাব-১৪ কিশোরগঞ্জ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে তিন প্রধান আসামীকে।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad