বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর পিয়াজপট্টি এলাকায় পানির মোটর চালু করা নিয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় আব্দুল বারেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ। আটকরা হলেন—মাকসুদা বেগম, সুইটি আক্তার, নাহিদুল ইসলাম শুভ ও কাওসার মল্লিক।
নিহত আব্দুল বারেক বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নগরীর পিয়াজপট্টি এলাকার মোসলেম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, বিকেলে বাড়ির পানির মোটর চালু করা নিয়ে একই এলাকার ইলিয়াসের স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে নিহতের স্ত্রী হাসনা হেনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল বারেক অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad