বরিশাল প্রতিনিধি: নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে প্রায় চার বছর আগে। ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ৪৮ মাস পার হয়ে গেলেও শেষ হয়নি বরিশাল জেনারেল হাসপাতাল-এর ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ। গণপূর্ত অধিদপ্তরের ধীরগতির কারণে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের মাধ্যমে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। পরিকল্পনা অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু সরেজমিনে দেখা যায়, নতুন ভবনের নির্মাণকাজ অর্ধেকও শেষ হয়নি। যদিও গণপূর্ত বিভাগের দাবি, প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলতি বছরের মধ্যেই শেষ করা হবে।
প্রায় শত বছরের পুরোনো এই হাসপাতালটি ১৯১২ সালে যাত্রা শুরু করে। পরে ৯০-এর দশকে এটি ৮০ শয্যায় উন্নীত করা হয় এবং সবশেষ ডায়রিয়া ওয়ার্ডসহ মোট ১০০ শয্যার হাসপাতালে রূপ নেয়। বর্তমানে এই ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন কয়েক শতাধিক রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নেন।
ফলে শয্যা সংকটসহ নানা সমস্যার কারণে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
চরবাড়িয়া এলাকার বাসিন্দা দুলাল হোসেন বলেন, “তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি, কিন্তু এখনো কোনো শয্যা পাইনি। মেঝেতে চিকিৎসা নেওয়া খুবই কষ্টকর। দ্রুত শয্যা সংখ্যা বাড়ানো দরকার।”
কাগাশুরা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রাসেল সরদার বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ পর্যন্ত অনেক কক্ষই জরাজীর্ণ। দ্রুত নতুন ভবনের কাজ শেষ করে চিকিৎসাসেবা চালুর দাবি জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কৃষ্ণ বড়াল বলেন, “স্থান সংকুলান আমাদের বড় সমস্যা। নতুন ভবনটি দ্রুত চালু হলে দক্ষিণাঞ্চলের রোগীরা অনেক উপকার পাবেন।”
এ বিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, আর্থিক জটিলতার কারণে কিছু সময় কাজ বন্ধ ছিল। তবে বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ নিয়ম মেনে চলতি বছরের মধ্যেই সম্পন্ন করা হবে।
অন্যদিকে ডা. এস এম মনজুর এ এলাহী বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com