স্টাফ রিপোর্টার, গৌরনদী: বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডা দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিংও করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় অভিযান চালিয়ে ১২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গৌরনদীর বিভিন্ন এলাকায় মাদকের উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যার পর আড্ডার আড়ালে অনেক তরুণ মাদক সেবন করছে বলে অভিযোগ রয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার ও বুধবার বিকেলে মাইকিংয়ের মাধ্যমে তরুণ-যুবকদের সতর্ক করা হয় এবং সন্ধ্যার পর অভিযান পরিচালনা করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, “মাদকের প্রবণতা বৃদ্ধির কারণে অনেক তরুণ-শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আটক শিক্ষার্থীদের প্রাথমিকভাবে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad