গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পশ্চিম পিঙ্গলকাঠী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম পিঙ্গলকাঠী এলাকার নজরুল ইসলামের টিনসেট কাঠের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরটি সম্পূর্ণভাবে দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় ঘর মালিকের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad