বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরের আলেকান্দা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকানঘর পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান এবং আসলামের দধি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানান, আগুনে মোট সাতটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, “বেশিরভাগ ব্যবসায়ী পিকনিক উপলক্ষে বরিশালের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।”
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad