হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীর তীরে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ভোরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে নদীর তীরে ভেড়ানো একটি নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকার ভেতর থেকে গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে।
পরে তাকে দ্রুত হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুপুর ১টার দিকে সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক কোথা থেকে এসেছে এবং কারা তাকে কুপিয়ে হত্যা করেছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একজন জেলে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জেলে জালাল রাঢ়ি জানান, আনুমানিক রাত ১২টার দিকে তিনি ছেলেকে নিয়ে মাছ শিকার শেষে নদীর ঘাটে ফিরছিলেন। এ সময় নদীর বাঁধের পাশে বস্তার ওপর গলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন। গলা দিয়ে প্রচুর রক্ত ঝরতে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর আর কিছু বলতে পারেননি।
স্থানীয়দের ধারণা, ঘটনার রাতে একটি স্পিডবোটের শব্দ শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে এনে ওই যুবককে সেখানে কুপিয়ে হত্যা করে নৌকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com