বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জামিলা (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদের নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্বজনরা।
নিহত জামিলা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় জয়ন্তী নদীতে ছোট বোন জান্নাতের সঙ্গে গোসলে নামে জামিলা। সাঁতার না জানায় তারা অল্প পানিতে গোসল করছিল। একপর্যায়ে জামিলা পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোনও পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয় এক পথচারী জান্নাতকে উদ্ধার করেন। তবে জামিলা নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় জেলেদের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালান। শনিবার বিকেল পর্যন্ত অভিযান চললেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্বজনরা ট্রলার ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজ অব্যাহত রাখেন।
রোববার সকালে নন্দীরবাজার এলাকায় বালুবাহী ট্রলারের শ্রমিকরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জামিলার বলে শনাক্ত করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, "নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad