বরিশাল নগরীর কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩, বরিশাল।
রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ সিগারেট উৎপাদন ও বিক্রি করে আসছিল। এসব নকল সিগারেট বরিশালসহ বিভিন্ন জেলা ও উপজেলার দোকানগুলোতে গোপনে সরবরাহ ও বিক্রি করা হচ্ছিল।
অভিযানকালে প্রায় ৫০ কার্টুন সিগারেট জব্দ করা হয়, প্রতিটি কার্টুনে রয়েছে ১০ হাজার পিস সিগারেট। জব্দকৃত লাল ও লীল রঙের দুই প্রকার সিগারেটের প্রতি প্যাকেটে মূল্য লেখা ১২০ টাকা। মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান ও সাজ্জাদ আলম জানান, কাস্টমস আইনে এসব পণ্য আটক দেখিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোডাউনের কর্মচারী ও সংশ্লিষ্টরা পালিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ভবন মালিক ও স্থানীয়দের উপস্থিতিতে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় তালা ভেঙে মালামাল জব্দ করা হয়।
সহকারী রাজস্ব কর্মকর্তা নূর মোহাম্মদ ও আরিফুল ভূঁইয়া বলেন, “অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কর ফাঁকি ও নকল ব্যান্ডরোলযুক্ত পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানার এসআই বাসুদেব, এএসআই বাবুল, এবং কনস্টেবল মিজান ও আলমগীর।
খান মঞ্জিলের মালিক নূরুজ্জামান জানান, তার ছেলে সোলায়মান চলতি বছরের জুন মাসে দুই বছরের চুক্তিতে ভবনটি ৮ হাজার টাকায় ভাড়া দেন। ভাড়াটিয়ারা নিয়মিত পিকআপে কার্টুন ভর্তি মাল আনা-নেওয়া করতো, তবে তিনি জানতেন না ভিতরে কী ব্যবসা চলছে।
গোডাউন ম্যানেজার কায়সার বলেন, “আমি একজন বেতনভুক্ত কর্মচারী। সিগারেট আসল না নকল, সেটা কাস্টমস বা কোম্পানিই ভালো বলতে পারবে।”
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad