নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি সবুজ আকন-এর বিরুদ্ধে স্ত্রীর বোনের কিশোরী মেয়েকে (ভাগনি) ধর্ষণের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি সপ্তাহেই চার্জশিট গ্রহণ করা হয়েছে। তবে মামলাটি এখনও বিচারিক ফাইলে অন্তর্ভুক্ত হয়নি।
জানা গেছে, মামলাটির তদন্ত প্রথমে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন করেন। পরবর্তীতে তদন্তের দায়িত্ব পান ডিবির উপ-পরিদর্শক গাজী অহিদুল ইসলাম অহিদ।
তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলাটি আদালতে দাখিল করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সবুজ আকনের স্ত্রী গর্ভবতী থাকাকালে তার সেবাযত্নের জন্য স্ত্রীর বোনের কিশোরী মেয়েকে বাসায় রাখা হয়। সেই সুযোগে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। পরে ২০২৪ সালের ২১ আগস্ট বরিশাল নগরীর এসআর রোড এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়।
ঘটনাটি প্রকাশ না করতে ভুক্তভোগী ও তার মাকে হুমকি দেওয়ার কথাও মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার প্রায় ছয় মাস পর, ২৬ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
অভিযোগ ওঠার পর গত বছরের ২৫ মে সবুজ আকনকে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। তবে বহিষ্কারের পরও তিনি সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত সবুজ আকন বলেন, তার বিরুদ্ধে করা মামলাটি ষড়যন্ত্রমূলক। চার্জশিট দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও দাবি করেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com