নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর আমতলা মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে আমতলা মোড়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের চেকপোস্টে সাংবাদিক নাঈম পেশাগত দায়িত্ব অনুযায়ী চলমান তল্লাশি কার্যক্রম ভিডিওর মাধ্যমে ধারন করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, ভিডিও ধারণের সময় সেনা সদস্যরা বাধা প্রদান করেন এবং বাকবিতণ্ডার একপর্যায়ে সাংবাদিককে হেনস্তা করা হয়।
পরে একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে নাঈম নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় প্রদান করলে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়।
ভুক্তভোগী সাংবাদিক নাঈম বলেন, “আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের সম্মুখীন হয়েছি। এমন হেনস্তা শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছে। আমরা চাই গণমাধ্যমকর্মীরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারুক।”
বরিশালের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। তারা আহ্বান জানিয়েছেন, সাংবাদিকরা যেন তাদের দায়িত্ব পালনে নিরাপদ ও সহায়ক পরিবেশ পান, এবং পেশাগত কাজ নির্বিঘ্নভাবে করতে পারেন।
সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আইন এবং সাংবাদিক নীতিমালা অনুযায়ী, দায়িত্বশীল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কার্যক্রমে বাধা দেওয়া হবে না।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com